এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী,
রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ২০ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
রোববার (০৪ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ইসলামী ব্যাংক হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে নিহত রোগীর স্বজনরা।
এক ১৪ বছরের কিশোরী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে ওই রোগী মারা যাওয়ার পর থেকেই দুই দিন ধরে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছিল।
অতঃপর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইসলামী ব্যাংক হাসপাতালটির প্রশাসনিক ইনচার্জ আল আমিন সাংবাদিক দের জানান, শুক্রবার ২ অক্টোবর মাহিমা ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হন।
পরে শনিবার ০৩ অক্টোবর সকালে তিনি মারা যান। মারা যাওয়ার পর থেকেই তার স্বজনরা অভিযোগ করেন, ভুল চিকিৎসার কারণে নাকি তার মৃত্যু হয়েছে।
‘মারা যাওয়ার পর থেকেই নিহত মাহিমার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে শনিবার দুপুর পর্যন্ত উত্তেজনা সৃষ্টি করেছিল।
পরে আমরা মাহিমার স্বজনদের মরদেহ দাফন-কাফন বাবদ তাদের আর্থিক সহযোগীতা করি।
সেইসঙ্গে তাদের বুঝিয়ে বলি যে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে, আপনারা মামলা করেন।’ হাসপাতালের এই কর্মকর্তা বলেন, ‘পরবর্তীতে আজ (রোববার) বিকেল থেকেই নিহতের স্বজনরা হাসপাতালে এসে ফের ঝামেলা করে।
এক পর্যায়ে সন্ধ্যায় তারা ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হাসপাতালের স্টাফ ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।
তারা বলে, হাসপাতাল থেকে কেউ বের হলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে।’ এক পর্যায়ে রাত ৯টা থেকে তারা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়।
এতে হাসপাতালের ২০ জন কর্মকর্তা কর্মচারী আহত হন। এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘২-৩ দিন আগে এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে আজ (রোববার) রাত ৯টার দিকে রোগীর স্বজনরা ও স্থানীয় ১৫-২০ জন ইসলামি ব্যাংক হাসপাতাল মতিঝিল ভবনের নিচতলায় মোটামুটি ভাঙচুর করেছে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’