আ জা ডেক্স
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে তিনি বিভিন্ন আইনি বিষয় দেখভাল করবেন।
খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে বর্তমানে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন।
তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।
গত ০৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন।
তার সভাপতিত্বে বৃহস্পতিবার সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
আইন বিষয়ে উচ্চশিক্ষা লন্ডনে:
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে। কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি।
পরবর্তী সময়ে অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পলের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন জাইমা রহমান।
বাংলাদেশে আইন পেশায় কাজের প্রস্তুতি:
২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন জাইমা রহমান।
বর্তমানে বাংলাদেশে আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
জাইমা রহমান একজন ব্যারিস্টার এবং আইন ও নীতিবিষয়ক পেশাজীবী।
যুক্তরাজ্য ও বাংলাদেশ—দুই দেশেই তার পেশাগত কাজের অভিজ্ঞতা রয়েছে।
যুক্তরাজ্যে আইন ও জনকল্যাণ বিষয়ে কাজ:
যুক্তরাজ্যে পেশাগত জীবনে আবাসন, কল্যাণ ও কর্মসংস্থান আইন নিয়ে কাজ করেছেন জাইমা রহমান।
এ ছাড়া স্বাস্থ্যসেবা খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ এবং সামাজিক কল্যাণ ও শিক্ষা আইন বিষয়ে বিনামূল্যে আইনি সেবা বা প্রো বোনো কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।
বাংলাদেশে তিনি সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে কাজ করেছেন।
সেখানে সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পিপিপি এবং কর ব্যবস্থা ছিল তার কাজের ক্ষেত্র।
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়েও কাজ:
বাংলাদেশের সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান সুরভির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন জাইমা রহমান।
সুরভি সুবিধাবঞ্চিত এবং স্কুলের বাইরে থাকা শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে।
আগ্রহের ক্ষেত্র সুশাসন ও সামাজিক অন্তর্ভুক্তি:
জাইমা রহমানের আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার, শিক্ষা, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এসব আইনি ও নীতিবিষয়ক ক্ষেত্রেই কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।