নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দুই বছর কাজের অভিজ্ঞতা না থাকলেও এমডি পদে নিয়োগ পাওয়া যাবে।
তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকার শর্ত বহাল রাখা হয়েছে।
ব্যাংক ছয়টি হলো- সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত নীতিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
তবে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত প্রজ্ঞাপনটি বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়নি।
এর আগে, রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের এমডি পদে নিয়োগ পেতে ডিএমডি পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল।
সংশোধিত নীতিমালায় এ শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ২০ বছরের কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার শর্ত আগের মতোই রয়েছে।
গত ২৬ জুলাই জারি করা ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন প্রজ্ঞাপনে এটিকে সংশোধিত নীতিমালা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে গত নয় মাসে একই নীতিমালা তিন দফা পরিবর্তন করল সরকার। এর আগে গত ১৮ জানুয়ারি প্রথম এবং ২৬ জুলাই দ্বিতীয় দফায় নীতিমালাটি সংশোধন করা হয়।
এরও আগে ২০২৩ সালের জানুয়ারিতে নীতিমালাটি জারি করা হয়েছিল। সংশোধিত নীতিমালা অনুযায়ী, সরকার সরাসরি এমডি নিয়োগ না দিয়ে প্রার্থী মনোনয়ন দেবে।
এরপর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে নিয়োগ চূড়ান্ত করবে।
তবে ছয়টি বিশেষায়িত ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) এমডি নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই থাকবে।
নীতিমালায় পদোন্নতির ক্ষেত্রে কর্মদক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, চাকরির রেকর্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
অর্থাৎ, শুধু চাকরির জ্যেষ্ঠতা নয়, প্রার্থীর পেশাগত দক্ষতা ও কাজের অভিজ্ঞতাও মূল্যায়ন করা হবে।
এমডি পদে নিয়োগের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া বাছাই কমিটির সুপারিশের পাশাপাশি প্রার্থীর গোয়েন্দা প্রতিবেদন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন পর্যালোচনার বিধানও রাখা হয়েছে।