আ জা আন্তর্জাতিক ডেক্স বিনোদন
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার চলমান বৈবাহিক টানাপোড়েন এবং সহশিল্পী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের অতিরিক্ত মনোযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুপম খের বলেন, একজন অভিনেতার ব্যক্তিগত জীবনের ঝামেলা যেন তার পেশাগত কাজকে প্রভাবিত না করে।
তিনি বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে গোবিন্দ অন্যতম সেরা একজন অভিনেতা।
তার সঙ্গে প্রায় ১০ থেকে ১২টি চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তাৎক্ষণিক সংলাপ তৈরি করা, অভিনয়ের দক্ষতা কিংবা নাচ—কোনো ক্ষেত্রেই গোবিন্দের সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারবে না।”
তবে ব্যক্তিগত জীবন বা অভ্যাসের কারণে গোবিন্দের পুরো ক্যারিয়ারকে আড়ালে পড়ে যেতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন অনুপম খের।
এদিকে বিতর্কের মধ্যেই সম্প্রতি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ‘লালবাগচা রাজা’ গণপতি মণ্ডপে সহশিল্পী ও কথিত প্রেমিকা কোমল রানি স্বর্ণকারকে নিয়ে পূজা দিতে যান গোবিন্দ।
তাদের একসঙ্গে সেখানে উপস্থিতি অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান গুঞ্জনকে আরও উসকে দেয়। ভিডিও ফুটেজে গোবিন্দকে সাদা কুর্তা-পায়জামা এবং কোমল রানিকে লাল-হলুদ শাড়িতে দেখা যায়।
সেখানে আলোকচিত্রীদের দেখতে পেয়ে গোবিন্দ ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে অভিবাদন জানান।
কোমল রানিও পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত নাড়েন। কাকতালীয়ভাবে, গোবিন্দ ও কোমল রানির ওই দর্শনের কয়েক ঘণ্টা আগেই গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা একা ওই মণ্ডপে গিয়ে গণেশের আশীর্বাদ নেন এবং সেখানে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন।
গোবিন্দের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে অনুপম খের বলেন, “তাকে বিচার করার মতো কেউ আমি নই।
তিনি তার জীবন সবচেয়ে ভালো বোঝেন এবং নিজেই তা সামলে নিতে পারবেন। আমি একবার তাকে ফোন করেছিলাম, তিনি পরে ফোন করার কথা জানান।
আমি তাকে শুধু বলতে চেয়েছিলাম—‘এই কঠিন সময়ও কেটে যাবে।’” তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের জীবনেই কোনো না কোনো দুঃসময় থাকে। আমার মনে হয় না যে নিজের প্রচার বা সঠিক বিপণন করতে না পারাটা তার মূল সমস্যা।
আমার ধারণা, তিনি তার চারপাশের পারিপার্শ্বিকতা ও জীবনের নানা ঝঞ্জাটে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছেন।
তবে তিনি এখনো হাল ছেড়ে দেননি, তাই আশা বাকি আছে।” অনুপম খের আরও বলেন, তিনি প্রার্থনা করেন, গোবিন্দ যেন দ্রুত এই ধাক্কা সামলে উঠে আগের চেয়ে আরও বেশি কাজ নিয়ে ঘুরে দাঁড়াতে পারেন।
গোবিন্দ ও কোমল রানি স্বর্ণকারের প্রেমের সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় চলছে।
তাদের বারবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে মুম্বাই বিমানবন্দরে দুজনকে প্রথম একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলে এ নিয়ে আলোচনা শুরু হয়।
এবার সুনীতা আহুজার একা পূজামণ্ডপে যাওয়া এবং তার কয়েক ঘণ্টা পর একই স্থানে কোমল রানিকে নিয়ে গোবিন্দের উপস্থিতির ঘটনায় সেই আলোচনা নতুন করে সামনে এসেছে।
এর মধ্যেই অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী অনুপম খেরের মন্তব্যও আলোচনায় এসেছে। সূত্র: এনডিটিভি।