নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার উখিয়ায় টানা ভারী বর্ষণে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘খাদিজাতুল কুবরা মহিলা হিফজখানা’ মাদ্রাসার ওপর ভয়াবহ পাহাড়ধসে ৬ জন শিশু শিক্ষার্থী, ১ জন শিক্ষিকা ও ১ জন নারীসহ মোট ৮ জনের মর্মান্তিক মৃত্যু এবং গত তিন দিনে জেলাজুড়ে পাহাড়ধস ও বন্যায় মোট ২১ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ ০৮ জুলাই এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘খাদিজাতুল কুবরা মহিলা হিফজখানা’ মাদ্রাসার ওপর পাহাড়ধসে পবিত্র কুরআন অধ্যয়নরত নিষ্পাপ শিশু শিক্ষার্থী ও শিক্ষিকার আকস্মিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার পৃথক পাহাড়ধস ও বন্যায় রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের স্থানীয় এলাকায় আরও ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
এসব মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহ তাআলার নিকট নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “টানা বর্ষণে পাহাড়সংলগ্ন বসতিগুলো যে চরম ঝুঁকির মধ্যে রয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অজানা ছিল না।
সময়মতো ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলে হয়তো এ ধরনের মর্মান্তিক প্রাণহানি অনেকাংশে এড়ানো সম্ভব হতো।
আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগ, জেলা প্রশাসন এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাসমূহের প্রতি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”