নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় ঐক্যের চট্টগ্রামমুখী লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘যতবাধা বিপত্তি আসুক আমাদের ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।
এই লংমার্চ মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং গণভোটের গণ রায় উপেক্ষা যারা করেছে তাদের বিরুদ্ধে। এই লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে এগোচ্ছে, তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করাও এই লংমার্চের অন্যতম উদ্দেশ্য।
শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের গাড়িবহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের লালদীঘির উদ্দেশে যাত্রা শুরু করে।