আ জা ডেক্স
বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই দিনে তিনি কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশনা, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার আশ্বাস এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
মঙ্গলবার ০৪ আগস্ট বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে।
তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উভয় দেশের জন্যই লাভজনক হবে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সৌদি আরব আগ্রহী। পাশাপাশি বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহও তিনি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।
জবাবে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে সৌদি আরব আগ্রহী।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।
আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা প্রকাশ করেন বলে জানান সহকারী প্রেস সচিব।
সৌদি প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলারবিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং সৌদি আরবের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের অবস্থান সব সময় শান্তির পক্ষে:
এদিন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে সেখানে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেল’-এর কথাও স্মরণ করেন।
অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেশের সব কৃষকের নির্ভুল ও স্বচ্ছ পূর্ণাঙ্গ তালিকা আগামী ডিসেম্বরের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় প্রধানমন্ত্রী ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত তথ্য সংরক্ষণের ব্যবস্থা রাখার নির্দেশ দেন।
একই সঙ্গে এসব বিষয় বিবেচনায় রেখে কৃষক কার্ড প্রস্তুতেরও নির্দেশনা দেন তিনি।
পানি ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস:
দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন।