নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে—এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ।
একই সঙ্গে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, দুই দেশের সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।
অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, একটি দেশ ও জাতির সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ।
বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাদের প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা দেওয়া গেলে দেশের উন্নয়নে তারা কার্যকর অবদান রাখতে পারবে। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তিনির্ভর এবং বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে।
তরুণদের শক্তি ও সক্ষমতা দেশের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।