নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারের পর তিন দিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আবেদনটি নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর আইনজীবী আবিদ হাসান। শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
আসামিপক্ষের জামিন আবেদনে বলা হয়, ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। কথিত ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল না। এসব কারণ দেখিয়ে তাকে জামিন দেওয়ার আবেদন করা হয়।
এর আগে গত ০৯ আগস্ট রোববার সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর তাকে হেফাজতে নেয় সিআইডি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ।
প্রথম দিকে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গড়ায়। দীর্ঘ সময় ধরে আলোচিত এই মামলার তদন্তে বিভিন্ন পর্যায়ে একাধিক ব্যক্তির নাম সামনে এসেছে।
২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।