আ জা ডেক্স
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও স্বাভাবিক আর্থিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।
সাইটটি খুলতে গেলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যাচ্ছিল।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এরপর থেকে সাইটটির নিরাপত্তা পর্যালোচনা ও সুরক্ষা জোরদারের কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওয়েবসাইটটি চালু করা হবে না।
তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিক রয়েছে।
ওয়েবসাইটটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
এদিকে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত করেছে।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সরকারও সতর্কতা জারি করেছে।
এর অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব ওয়েবসাইট বন্ধ রেখে নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে।