আ জা ডেক্স
দেশজুড়ে চলমান অস্থিরতার কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।
গত ০১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এ হিসাব উঠে এসেছে পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে সংগঠনটি জরিপে দেখা গেছে, অংশ নেওয়া কারখানাগুলোকে এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে।
এতে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা।
এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ডলার।
বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে দেশের পোশাকশিল্পের জন্য এটি বড় ধরনের ধাক্কা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজিএমইএ জানিয়েছে, অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ছয়শোর বেশি হলেও জরিপে অংশ নিয়েছে মাত্র ৩১৭টি কারখানা।
ফলে জরিপে উঠে আসা ক্ষতির অঙ্কের চেয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে।
এ ছাড়া শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা এখনো অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।
এই সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেছে বিজিএমইএ।