আ জা ডেক্স
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এ জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের চিঠির নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে।
এই কার্যক্রমের আওতায় রয়েছে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল পাঠ্যবই।
নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়াকে সরকারের গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এ কার্যক্রম সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও নির্ধারিত সময়ে শেষ করা জরুরি বলেও জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে বিনামূল্যের পাঠ্যবই বিতরণের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে এনসিটিবি।
পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেশের সব মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।