নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ
নারায়ণগঞ্জ ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনার মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় ইউসুফ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার ১৭ নভেম্বর রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলাকারীরা ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের অনুসারী বলে অভিযোগ রয়েছে।
নিহত ইউসুফ চাঁদপুরের কচুয়া উপজেলার বারকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন।
তিনি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টসসংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।
তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দেলুর বাড়ির পেছনের শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন।
বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে।
এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষ হয়। ওই হামলায় জুয়েল আরমানসহ অন্তত ছয়জন আহত হন।
এর জের ধরেই রাতে এ হামলার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে রাতে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে।
এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।