ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি....ইরানের ● ঢাবির গৌরবোজ্জ্বল ইতিহাস,ঐতিহ্য পুনরুদ্ধারে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান.....সংস্কৃতিমন্ত্রীর ● যশোর সীমান্তে নিরাপত্তা জোরদার, বিজিবির ৩০টি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ● গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম ● সিদ্ধিরগঞ্জে গাড়ি চালককে হত্যার আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন,‘আমি মেরেছি ● সোনারগাঁও প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● ছিন্নভিন্ন সৌদি রাষ্ট্র,ধ্বংসের দ্বারপ্রান্তে....ডোনাল ট্রাম্প ● কক্সবাজার নাফ নদীতে ভাসমান ৪ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার,বাজারমূল্য ২০ কোটি টাকা ● রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাংগীর আলম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে আলোচিত 'প্রত্যর্পণ চুক্তি' কী, কোন শর্তে কার বেশি স্বার্থ...?

আ জা ডেক্স

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৫:১৮ পিএম
শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে আলোচিত 'প্রত্যর্পণ চুক্তি' কী, কোন শর্তে কার বেশি স্বার্থ...?

প্রধানমন্ত্রী থাকা কালীন রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছানোর পর শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত।

২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করার পর নতুন করে আলোচনায় এসেছে।

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি। শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকারের হাতে এই চুক্তিই প্রধান আইনি পথ হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ।

তবে ভারত বরাবরই বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করার কথা বলে আসছে।

গত ১০ নভেম্বর মঙ্গলবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পর্কিত।

তাই আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, প্রত্যর্পণ চুক্তিতেই স্পষ্ট করে বলা আছে, কোন পরিস্থিতিতে কাউকে প্রত্যর্পণ করা যাবে এবং কোন পরিস্থিতিতে তা করা যাবে না।

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধু প্রত্যর্পণ চুক্তির কথা বলা হচ্ছে।

এ কারণে চুক্তিতে আসলে কী কী শর্ত রয়েছে এবং কোন কোন কারণে ভারত প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

প্রত্যর্পণ কী:

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হওয়ার পর জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, "প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া।

ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না।

অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে"।

পলাতক অপরাধীদের এক দেশ থেকে অন্য দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশে ১৯৭৪ সালের ‘বন্দি প্রত্যর্পণ আইন’ রয়েছে।

এ আইনের আওতায় পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার জন্য অন্য দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করার বিধান রয়েছে।

বর্তমানে বাংলাদেশের সঙ্গে দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। দেশ দুটি হলো ভারত ও থাইল্যান্ড।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে করা এই চুক্তির কথা বলছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৩ সালের জানুয়ারিতে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে হস্তান্তর করেছিল।

পরবর্তী সময়ে ২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়। সংশোধনের ফলে কোনো অভিযুক্তকে ফেরত চাওয়ার সময় অনুরোধকারী দেশকে অভিযোগের পক্ষে সাক্ষ্যপ্রমাণ জমা দিতে হয় না।

সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জমা দিলেই সেটিকে বৈধ প্রত্যর্পণ অনুরোধ হিসেবে বিবেচনা করার সুযোগ তৈরি হয়।

ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বললেও ভারত সরকার বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রাখার কথা জানাচ্ছে।

তবে দুই দেশের চুক্তিতেই কোন পরিস্থিতিতে প্রত্যর্পণ সম্ভব, তার ব্যাখ্যা রয়েছে।

তিনি বলেন, "প্রত্যর্পণ প্রসঙ্গ আসলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কি-না সেটিও নিশ্চয়ই বিবেচনা আসবে।

সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না।

তবে মনে রাখতে হবে যে শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।"

চুক্তিতে কোন অপরাধে প্রত্যর্পণ করা যাবে:

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে কোন কোন অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ করা যাবে, তার তালিকা দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝানো হয়েছে, যা উভয় চুক্তিবদ্ধ দেশের আইন অনুযায়ী কমপক্ষে এক বছরের কারাদণ্ডে দণ্ডনীয়।

দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হলেও কিংবা পুরোপুরি আর্থিক বা রাজস্বগত প্রকৃতির হলেও সেটিকে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

তৃতীয়ত, কোনো অপরাধ দুই দেশের আইনেই শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে অপরাধ সংঘটনের পদ্ধতি বা কাজ থেকে বিরত থাকার বিষয়টিকে দুই দেশের আইনে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে কি না, তা বিবেচ্য হবে না।

একইভাবে অপরাধটির নামকরণে দুই দেশে একই পরিভাষা ব্যবহার করা হয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ নয়।

চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা, অপরাধে সহায়তা, প্ররোচনা, উসকানি কিংবা সহযোগী হিসেবে অংশ নেওয়ার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে।

এ ছাড়া চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে সংঘটিত অপরাধের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, প্রত্যর্পণ চাওয়া ব্যক্তির সংশ্লিষ্ট কার্যকলাপ পুরোপুরি অথবা আংশিকভাবে অনুরোধ গ্রহণকারী দেশের ভূখণ্ডে সংঘটিত হলেও তাকে প্রত্যর্পণ করা যেতে পারে।

তবে এ ক্ষেত্রে শর্ত হলো, সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এর ফলাফল বা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে অনুরোধ গ্রহণকারী দেশের আইন অনুযায়ী সেটি অনুরোধকারী দেশের ভূখণ্ডে সংঘটিত একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে হবে।

রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে চুক্তিতে কী বলা আছে:

শেখ হাসিনার অনেক সমর্থক প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর ধারার বিষয়টি সামনে আনছেন।

তাদের দাবি, এই ধারার কারণেই শেখ হাসিনাকে ভারতের পক্ষে প্রত্যর্পণ করা আইনত সম্ভব নয়।

‘রাজনৈতিক চরিত্রের অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

অর্থাৎ, যার প্রত্যর্পণ চাওয়া হয়েছে, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে অনুরোধকারী দেশের আবেদন প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে।

তবে একই অনুচ্ছেদে কিছু অপরাধের কথাও উল্লেখ করা হয়েছে, যেগুলোকে এই চুক্তির আওতায় রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না।

এর মধ্যে রয়েছে, উভয় চুক্তিবদ্ধ দেশ যেসব বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকা, যা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

এ ছাড়া হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাও এই তালিকায় রয়েছে।

তালিকায় আরও রয়েছে, মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতি করতে পারে—এমন বিস্ফোরণ ঘটানো।

নিজের মাধ্যমে অথবা অন্য কাউকে দিয়ে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ তৈরি বা নিজের কাছে রাখাও এর অন্তর্ভুক্ত।

এ ছাড়া নিজের মাধ্যমে অথবা অন্য কাউকে দিয়ে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের কাছে রাখা এবং নিজেকে বা অন্য কাউকে গ্রেপ্তার বা আটক করা থেকে বিরত রাখতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করাও এসব অপরাধের তালিকায় রয়েছে।

জনসাধারণের সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করাও এই তালিকায় অন্তর্ভুক্ত। বিশেষ করে, মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে এমন কাজ করা কিংবা অন্য কারও জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে সম্পত্তির ক্ষতিসাধন করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা স্বাধীনতাবঞ্চিত করা, কাউকে জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরও কয়েকটি অপরাধকে রাজনৈতিক চরিত্রের অপরাধের ব্যতিক্রম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

যেসব কারণে প্রত্যর্পণের শর্ত মানার বাধ্যবাধকতা থাকবে না:

বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগও রাখা হয়েছে।

চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের বিভিন্ন ভিত্তি উল্লেখ করা হয়েছে।

এই অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধ গ্রহণকারী দেশকে বোঝাতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে, তাহলে তাকে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে।

এ ছাড়া যে অপরাধে ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেটি যদি তুচ্ছ বা লঘু প্রকৃতির হয়, তাহলেও প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।

একইভাবে, কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পালিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি বলে বিবেচিত হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর দেওয়া এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছিলেন।

ওই রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী সময়ে বিএনপি সরকারের পক্ষ থেকেও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

সর্বশেষ শেখ হাসিনার পক্ষে তার আইনি পরামর্শকদের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর আবারও আলোচনায় এসেছে প্রত্যর্পণের বিষয়টি।

এখন এই চুক্তির বিভিন্ন শর্ত এবং প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে, তা নিয়েই আলোচনা চলছে। সূত্র: বিবিসি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)