ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● তুরস্ক ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● সিপাহি-জনতার বিপ্লব থেকে গণঅভ্যুত্থান:জিয়া পরিবারের নেতৃত্বের ধারাবাহিকতা ● তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন....প্রধানমন্ত্রী ● শহীদ নূর হোসেন দিবস আজ ● সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না....চিটাগাং চেম্বার সভাপতি ● ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে....প্রধানমন্ত্রী ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল...স্বরাষ্ট্রমন্ত্রী ● হামে শিশুমৃত্যুর দায় সরকারের নয় আমার, আমাকে ফাঁসি দেন....স্বাস্থ্যমন্ত্রী ● সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ● মাদকসেবী মফিজুল,কথিত নেতা মনিরুল আলম রবির জমি ছেড়ে দেয়ার হুমকি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তুরস্ক ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ১১:৩৬ পিএম
তুরস্ক ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।

স্থানীয় সময় আজ ১০ নভেম্বর  দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুলে অবতরণ করে।

প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ইস্তাম্বুলে পৌঁছান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন।

প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের বক্তব্য তুলে ধরবেন।

এতে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান পররাষ্ট্র সচিব।

তাঁর মতে, এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে।

পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

এ কারণে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

পাশাপাশি জলবায়ু সহনশীলতা অর্জনে দেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা সম্মেলনে তুলে ধরা হবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে।

এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে।

এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি এবং অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরা হবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ,

এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন।

এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে।

এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)