নিজস্ব প্রতিবেদক
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, এনআইডি সেবাকে দুর্নীতিমুক্ত করতে চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম:
বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, পত্রপত্রিকায় এনআইডি সেবা নিতে গিয়ে নাগরিকদের হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন।
এ ধরনের ভোগান্তি বন্ধে কার্যকর পরামর্শ চান তিনি।
নাগরিকরা যেন কোনো বাধা ছাড়াই সেবা পেতে পারেন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, যেকোনো চিঠি পাওয়ার পর সেটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।
এর মাধ্যমে আবেদন কোন পর্যায়ে রয়েছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
পাশাপাশি সঠিক নিয়মে আবেদন করার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।