নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকা গভীর রাতে এস্কেভেটর দিয়ে সুলতানা বেগম নামে এক নারীর বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেয়ার দাবি জানান তিনি এবং আমরণ অনশনে ডাক দিয়েছেন ভুক্তভোগী পরিবারটি ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্দেশে মামুন মাহমুদ বলেন, রাত ৪টার পর এমন ঘটনা ঘটলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি এখনোও।
একটি ভেকু মেশিন এনে শত শত লোকের উপস্থিতিতে এতো বড় ঘটনা ঘটেছে বলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে ।
থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারটি বারবার নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে ২৪ ঘণ্টা পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে।
এ সময় ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান মামুন মাহমুদ।
ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন এই বিএনপি নেতা।
এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত ভোর রাত ৪টায় সিদ্ধিরগঞ্জ হিরাঝিল এলাকায় মোসা. সুলতানা বেগম নামে এক নারীর বাড়িঘর এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয় স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন।
ঘটনার পর পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে রাস্তায় অবস্থান নেন এবং প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি করেন।
ভুক্তভোগী সুলতানা বেগমের দাবি, পৈতৃক ও ক্রয়কৃত ১২ শতাংশ ওই জমিতে তিনি ও তার পরিবার ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘ চার দশক ধরে বসবাস করছেন।
তার অভিযোগ, স্থানীয় প্রভাবশালী পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন আলম, সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন যাবৎ জমিটি দখলের পাঁয়তারা করছেন।
এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা চলমান রয়েছে। বাড়িঘর ভাঙচুরের বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন সময় সংবাদকে বলেন, রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে যারা এই অন্যায় কাজ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।
যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।