এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন। পদত্যাগের কারণ দেখানো হতে পারে শারীরিক অসুস্থতা।
সরকারও রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সম্মত হয়েছে। সূত্র থেকে জানা গেছে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রপতি সরে যাবেন।
যদিও তার মেয়াদ ছিলো ২০২৮ সাল পর্যন্ত। রাষ্ট্রপতির সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেস সচিব মো. সরওয়ার আলম।
তিনি সংবাদ ডিজিটালকে বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার ইচ্ছার কথা জানিয়েছেন।
সরকারের পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়ে সম্মতি জানানো হয়েছে।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন বিএনপির উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
এ পদের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ কয়েকজনের নাম আলোচনায় এসেছে।
শোনা যাচ্ছে দু-এক জন আমলার কথাও। সংবিধান অনুযায়ী, মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
নতুন রাষ্ট্রপতির মেয়াদেই ২০৩১ সালের মধ্যে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফলে রাষ্ট্রপতি পদটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।