আ জা আন্তর্জাতিক ডেক্স
টানা আন্দোলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
জ্বর ও তীব্র শরীরব্যথায় সাময়িক বিশ্রামে যাওয়ার কথা জানালেও আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
বরং কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে আবারও যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান অভিজিৎ দীপকে। পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা হচ্ছে।
কোনোমতে দিন পার করার জন্য ব্যথানাশক ওষুধ খাচ্ছি।’ তিনি আরও জানান, ‘আজ যন্তর মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে।
সন্ধ্যার মধ্যে আমি আবারও প্রতিবাদস্থলে ফিরে আসব।’ এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারীও অনড় অবস্থানে রয়েছেন।
এর আগে বুধবার রাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
তবে দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের থামাতে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও বোতল নিক্ষেপ করা হয়।
অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও নৃশংস আচরণের অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে।
বৃহস্পতিবার সকালে তিনি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন।
একই সঙ্গে জানান, এই আন্দোলন এখন শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, ভারতের বিভিন্ন প্রান্তেও এর বিস্তার ঘটছে।