এস এম মিজান ও আবুল খায়ের রনি
ডেমরায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২ মে) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনও র্যাব, কখনও পুলিশের পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করত।
অনেক সময় তারা যৌথ বাহিনীর অভিযান চালানোর ভান করে সেনাবাহিনীর মাস্ক ব্যবহার করত।
ইন্তেখাব চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক ব্যবহার করে ডাকাতির প্রস্তুতির অভিযোগে শুক্রবার সকালে ডেমরা থানাধীন আমান মার্কেট, মেন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলামিন ওরফে ‘মোটা’ আলামিনকে গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন বেলা ১১টার দিকে হাজী সিএনজি পাম্প এলাকা থেকে তার সহযোগী মো. রায়হানকে আটক করা হয়।
কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী।
তিনি আরও জানান, দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, দুটি ভুয়া নম্বর প্লেট, ছয়টি র্যাবের কটি, দুটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, ‘পুলিশ’ লেখা স্টিকার, একটি লেজার লাইট, দুটি পুলিশ বাটন, একটি পকেট ওয়াইফাই রাউটার, ৩১টি সেনাবাহিনীর মাস্ক এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।