এস এম মিজান
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার।
পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ বিরতি চলবে শনিবার ২৪ অক্টোবর পর্যন্ত।
আগামী রোববার ২৫ অক্টোবর থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথের মাধ্যমে নগদ টাকা উত্তোলনসহ নির্ধারিত সেবা চালু থাকবে।
ব্যাংক বন্ধ থাকায় দেশের দুই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে কোনো লেনদেন হবে না।
ছুটি শেষে রোববার থেকে দুই বাজারে নিয়মিত লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে।