হায়দার আলী, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘোষেরচর এলাকায় ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা চলাকালে কথা-কাটাকাটি হয়।
এর জেরে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।
পরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে প্রায় ১০০ পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, যাঁদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।