নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জিমখানা ও টানবাজার এলাকায় অভিযান চালিয়ে কর চালান পত্রবিহীন ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করেছে নারায়ণগঞ্জ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
জব্দ করা সুতার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে কমিশনারেটের প্রিভেন্টিভ টিম নারায়ণগঞ্জ সদরের জিমখানা ও টানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ‘এস. আর. ট্রেড’ নামের একটি অনিবন্ধিত গুদামে তল্লাশি চালানো হয়।
অভিযানে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম থেকে আমদানি করা পলিয়েস্টার ও নাইলন সুতা জব্দ করা হয়।
এসব আমদানি করা সুতার পরিমাণ ৭৭ হাজার ৩৯০ কেজি। সেগুলোর পক্ষে কোনো কর চালানপত্র পাওয়া যায়নি।
এ ছাড়া কর চালানপত্র না থাকায় আরও ১০ হাজার কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতা জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
সব মিলিয়ে অভিযানে ৮৭ হাজার ৩৯০ কেজি সুতা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সরকারের প্রাপ্য রাজস্ব সুরক্ষা ও আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।