আ জা আন্তর্জাতিক ডেক্স
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা সম্পর্কে অবগত একজন কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য যুগান্তকারী সমাধানের কাছাকাছি আসছে এবং তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন সব প্রস্তাব বিবেচনা করছে, যা নিয়ে তারা আগে আলোচনা করতে রাজি ছিল না।
কূটনীতিক বলেছেন, প্রধান মধ্যস্থতাকারী কাতারের পক্ষ থেকে ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা দেশটি খতিয়ে দেখছে।
যেকোনো ছাড় আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে, যা জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে স্থবির হয়ে আছে।
রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসও এর আগে পারমাণবিক ইস্যুতে ইরানের আপস করার ইচ্ছার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত নিরসন এবং একটি ব্যাপক চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন বলে শুক্রবার আমিরের কার্যালয় থেকে জানানো হয়েছে।
ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দূর করতে কাতারের কর্মকর্তারা দোহা ও তেহরানের মধ্যে যাতায়াত করছেন। সূত্র: মিডিল ইস্ট আই।