নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় এক দিনে দুই হাজারের বেশি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮টি মামলা করার পাশাপাশি ৬২৫টি গাড়ি ডাম্পিং এবং ৪১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (০৪ নভেম্বর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে অভিযান চালানো হয়।
এতে সবচেয়ে বেশি ৩৮৮টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮০টি, মতিঝিলে ৩১৭টি, ওয়ারীতে ৩০১টি, তেজগাঁওয়ে ২৪১টি, মিরপুরে ২০৪টি, লালবাগে ১৩৭টি এবং রমনা বিভাগে ১২০টি মামলা করা হয়েছে।
অভিযানে আইন অমান্যকারী যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিল।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।