নিজস্ব প্রতিবেদক গাজীপুর
সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন পালিত হয়েছে।
'জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি'-এর গাজীপুর জেলা কমিটির উদ্যোগে এই স্মরণ সভা ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির সকল স্তরের সাংবাদিকসহ স্থানীয় অন্যান্য সংগঠন ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তাঁরা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির জোর দাবি জানান।
বক্তারা বলেন, "কলম সৈনিকদের কণ্ঠরোধ করতেই তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।"
পেশাগত জীবনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের অবদানের কথা স্মরণ করে সহকর্মীরা বলেন, তিনি ছিলেন বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের নানা অসঙ্গতি তিনি সাহসিকতার সঙ্গে তুলে ধরতেন।
তাঁর মতো একজন সৎ ও পেশাদার কলমযোদ্ধার অকাল প্রস্থান সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুমের আত্মার চিরশান্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এরপর দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের (কাঙালিভোজ) মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির নেতৃবৃন্দ দিনব্যাপী এই স্মরণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।