নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলুপ্তি এবং শূন্য আসনটিতে দ্রুত উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে 'সচেতন নাগরিক সমাজ'।
আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে লিখিত বক্তব্য পাঠকালে এ কর্মসূচি ঘোষণা করেন মালঞ্চর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, কথিত অপ্রাপ্তবয়স্ক দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলায় স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে রাজধানীর মগবাজারের একটি হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সংসদ সদস্য পদে বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
দীর্ঘ দুই মাস ধরে তার কারাবাসের কারণে জাতীয় সংসদে শ্যামনগরের মানুষের কার্যকর কোনো প্রতিনিধিত্ব থাকছে না।
ফলে সুন্দরবনের জেলে, বাওয়ালি, মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য প্রতিরোধ, বেড়িবাঁধ ও নদীভাঙন রোধসহ জনগুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুগুলো জাতীয় সংসদে তোলার কেউ নেই। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, শ্যামনগর কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়।
জামায়াত তাদের প্রার্থীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েই দায়িত্ব এড়াতে পারে না।
আসনটিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে আটকে না রেখে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক জটিলতা দ্রুত নিষ্পত্তি এবং অবাধ ও নিরপেক্ষ উপনির্বাচনের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দেবব্রত ব্যানার্জি এবং শিক্ষক মো. নাসির উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রয়েছে।
গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে চিকিৎসাধীন ও আটক রয়েছেন।
ইতোমধ্যে জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।