এস এম মিজান ও আতিকুর রহমান
জাতীয় সংসদের একাধিক সংসদীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দুটি সংসদীয় কমিটির সদস্যপদও বাতিল করা হয়েছে।
পাশাপাশি আরও কয়েকটি কমিটিতে নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে।
এর আগে কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান।
তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।
অন্যদিকে সম্প্রতি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে।
পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে এই কমিটির সভাপতি করা হয়েছে। আগে এ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আন্দালিব রহমান পার্থ।
তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কমিটিতে পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য করা হয়েছে। পুনর্গঠিত বিশেষ কমিটিতে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবদুল বারী, নওশাদ জমির, ফারজানা শারমিন, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম ও নাজিবুর রহমানকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটিতেও পরিবর্তন এসেছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে এই কমিটিতে যুক্ত করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদাধিকারবলে কমিটির সভাপতি। সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও সদস্য পরিবর্তন করা হয়েছে। তবে কমিটির সভাপতি হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বহাল রয়েছেন।
বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের জায়গায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে সদস্য করা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
পরদিন তাঁর বহিষ্কারের বিষয়টি জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি।
এর পর থেকেই সংসদীয় বিভিন্ন দায়িত্বে তাঁর অবস্থান নিয়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়।
সর্বশেষ সংসদের দুটি কমিটি থেকে গাজী নজরুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো।