এ্যাড: নীলিমা আফরোজ
দেশে আইনজীবীর সংখ্যা প্রায় ৮০ হাজার হলেও তাদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানিয়েছেন, আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
শুক্রবার ২৭ আগস্ট একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।
আইনজীবীদের প্রশিক্ষণের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘দেশের আইনজীবীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই।
তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে।’ নতুন আইনজীবীদের পেশায় অর্থকে একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে না দেখার আহ্বান জানান মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আইনজীবী হয়ে অর্থের মানদণ্ডে সব মূল্যায়ন করা যায় না।’
সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়েও প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে ১৮ হাজার আইনজীবী অথচ তাদের মধ্যে ভালো আইনজীবী কয়জন তা জানার উপায় নেই। এটিই তিক্ত বাস্তবতা।’
নতুন প্রজন্মের আইনজীবীদের পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।