এস এম মিজান ও মফিজ হোসেন মজু
মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপ ও নকশার নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা কার্যকর করতে হবে।
নির্ধারিত নিয়মে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিআরটিএ সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার বিধান রয়েছে।
এ বিধান কার্যকর করতে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে।
উভয় ধরনের প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে।
এতে অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
সাদা অথবা প্রাকৃতিক ধাতব পটভূমির ওপর কালো রঙে স্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে।
বিজ্ঞপ্তিতে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরের উদাহরণ দিয়ে বলা হয়েছে, মোটরসাইকেলের মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপি সামনের অংশে প্রদর্শন করতে হবে।
সড়কে যানবাহন শনাক্তকরণ ও নজরদারি জোরদারের লক্ষ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ।
নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।