আ জা আন্তর্জাতিক ডেক্স
রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ নষ্ট করতে মিয়ানমার মরদেহ পুড়িয়ে ফেলেছে এবং বিভিন্ন স্থানে বুলডোজার চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
আদালতের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেছেন, মরদেহ পুড়িয়ে কিংবা অন্য উপায়ে সরিয়ে ফেলে মিয়ানমার ব্যাপকভাবে প্রমাণ ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন ইওয়াসাওয়া ইউজি।
রায় পাঠের একপর্যায়ে তিনি এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।মানচিত্র দেখুন।
বিচারক বলেন, যেসব এলাকায় তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, সেসব স্থান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর ফলে ২০১৭ সালে সেখানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে কার্যকর তদন্ত পরিচালনা বাধাগ্রস্ত হয়েছে।
ইওয়াসাওয়া ইউজি আরও জানান, আদালত মনে করে, ফেসবুকের মাধ্যমে সামরিক বাহিনীর কিছু বার্তা অ-রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতায় জড়াতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।
রোহিঙ্গাদের একটি অংশকে ধ্বংসের উদ্দেশ্য ছিল মিয়ানমারের:
২০১৭ সালের সামরিক অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, “২০১৭ সালের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানকে ঘিরে সৃষ্ট প্রেক্ষাপট এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ক্ষেত্রে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি গড়ে তুলেছিল।”
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল।
আগেই লক্ষ্যবস্তু ছিলেন ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা:
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, ২০১৭ সালের নির্মূল অভিযান শুরুর আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।
বিচারক ইওয়াসাওয়া ইউজি এই সংখ্যাকে ‘নিঃসন্দেহে উল্লেখযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকেরা।