নিজস্ব প্রতিবেদক রাজশাহী
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৫-৬ জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।
হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের বাসিন্দাদের জড়ো করেন।
পরে সবাই মিলে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।
তবে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েকজন দুষ্টু ছেলে বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেন।
প্রাচীর টপকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বাড়ির গেটে আগুন ধরিয়ে দিলে স্থানীয় বাসিন্দারা তা নিভিয়ে ফেলেন।
এদিকে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। ফলে অগ্নিসংযোগের ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।