ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ ● সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন ● যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ● যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প‘পাত্তা দিচ্ছেন না’ কিম ● ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ইহুদি সন্ত্রাসবাদ....আইজেনকট ● প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ ● আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে....শামা ওবায়েদ ● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
তুরস্কের ভেস্তেগেল কপ-৩১

সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১১:৪১ এ এম
সৌদির প্রভাবে কোনো সমঝোতা ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন

নির্ধারিত সময় অতিক্রম করেও শেষ হয়নি জলবায়ু সম্মেলন কপ-৩১। শেষ পর্যন্ত রেকর্ড সময় ধরে চলে সম্মেলনের আলোচনা।

তবে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পরও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি অংশ গ্রহণকারী দেশগুলো।

ইউরোপ, ছোট দ্বীপরাষ্ট্র, লাতিন আমেরিকা, এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিদের অভিযোগ, সম্মেলনে সৌদি আরবের প্রভাব ছিল অত্যন্ত বেশি।

সৌদি কর্মকর্তারা নিয়মিত সম্মেলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেও অন্য দেশগুলোর প্রতিনিধিরা সেই সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন তারা।

একটি ছোট দ্বীপরাষ্ট্রের প্রতিনিধি জানান, সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা থাকলেও তা বারবার বাতিল করা হয়েছে।

আলোচকদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে চূড়ান্ত ঘোষণায় কোনো বক্তব্য রাখতে রাজি ছিল না সৌদি আরব।

এর ফলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জলবায়ু সম্মেলন।

ইউরোপীয় ইউনিয়ন, কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশ চেয়েছিল, সম্মেলনের চূড়ান্ত নথিতে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার স্পষ্টভাবে উল্লেখ করা হোক।

বিজ্ঞানীদের মতে, এসব জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণেই বৈশ্বিক উষ্ণতা বাড়ছে।

সৌদি আরবের ভূমিকা নিয়ে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী দারাগ ও'ব্রায়েন বলেন, ‘আমার বিশ্বাস, এই সম্মেলনকে কয়েকটি তেল উৎপাদনকারী দেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল।’

অন্যদিকে, তুরস্ক এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে কোনো দেশ বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে সৌদি আরব ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

সৌদি আরব এবং তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে জলবায়ু সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করে আসছে।

তাদের বক্তব্য, আগামী বহু বছর বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা পূরণে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার চালিয়ে যেতে হবে।

এর আগে ২০২১ সালে গ্লাসগো এবং ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় জীবাশ্ম জ্বালানির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল।

সৌদি আরবের প্রভাব বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তা:

কয়েকজন আলোচকের ধারণা, এবারের সম্মেলনে সৌদি আরবের প্রভাব বেড়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

কপ-৩১-এ যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ দেখা যায়নি।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেও আগের মতো ঘনিষ্ঠ সমন্বয় ছিল না। এর আগের সম্মেলনগুলোতে এই দুই দেশের পারস্পরিক সমন্বয় অনেক সময় মতপার্থক্য দূর করে সমঝোতায় পৌঁছাতে সহায়তা করেছিল।

সিঙ্গাপুরের পরিবেশমন্ত্রী গ্রেস ফু বলেন, ‘আগে আলোচনার সীমা নির্ধারণে এক বা দুটি বড় দেশ ভূমিকা রাখত।

কিন্তু এবার সেই সীমা কোথায়, তা স্পষ্ট নয়।’:

শুরু থেকেই কপ৩১ সম্মেলন ঘিরে প্রত্যাশা ছিল তুলনামূলক কম।

আয়োজক দেশ তুরস্ক বিশ্বজুড়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে একটি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছিল।

একই সঙ্গে আগের জলবায়ু চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছিল দেশটি।

এসব চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করা।

তবে সম্মেলনের সভাপতি হিসেবে তুরস্কের পক্ষ থেকে সংশোধিত একটি খসড়া প্রকাশের পর মতবিরোধ আরও তীব্র হয়।

ওই খসড়ায় জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি।

সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছিল।

এ সময় প্রতিনিধি ও পর্যবেক্ষকেরা জানান, সৌদি আরব নিজেদের অবস্থান থেকে একটুও সরে আসতে রাজি ছিল না।

দেশটির দাবি ছিল, চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ রাখা যাবে না।

একই সঙ্গে কার্বন ধরে রাখার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

এই প্রযুক্তির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বাতাসে ছড়িয়ে পড়া কার্বনের পরিমাণ কমানোর চেষ্টা করা হয়।

সম্মেলনে অংশ নেওয়া এশিয়ার একটি দেশের প্রতিনিধি জানান, সৌদি আরব এমনভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছিল, যেন এ বিষয়ে আলোচনা কিংবা সমঝোতার কোনো সুযোগই নেই।

এমনকি বিষয়টিকে তারা নিজেদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বলেও উপস্থাপন করেছিল।

তবে শুধু সৌদি আরবই নিজেদের অবস্থানে অনড় ছিল না।

ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে নিজেদের অবস্থান আরও কঠোর করে।:

শনিবার ২১ নভেম্বর আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক কমিশনার ভপকে হুকস্ট্রা বলেন, ‘হয় ভালো একটি চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না।’

এদিকে জার্মানি ছোট দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা কয়েকটি দেশের জোটের সদস্যদের নিয়ে একাধিক বৈঠকের আয়োজন করে।

ওই জোটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ এবং সিঙ্গাপুর ও কানাডার মতো উন্নত দেশও রয়েছে।

এসব দেশ সম্মিলিতভাবে একটি চিঠি তৈরি করে, যাতে প্রায় ১৩০টি দেশ সমর্থন জানায়।

চিঠিতে বলা হয়, আনতালিয়া সম্মেলনে যেকোনো চুক্তির মধ্যেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়টি থাকতে হবে।

পরে চিঠিটি সম্মেলনের সভাপতির কাছে পাঠানো হয়।

১৩০ দেশের দাবির পরও খসড়ায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই:

প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, প্রায় একই সময়ে শনিবার ২১ নভেম্বর রাত পেরিয়ে রবিবার শুরু হলে সৌদি আরব, চীন ও রাশিয়ার কর্মকর্তারা বারবার সম্মেলনের সভাপতির কার্যালয়ে যাতায়াত করেন।

অথচ অন্য দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকের সময় পাওয়ার ক্ষেত্রেই সমস্যায় পড়ছিলেন।

রবিবার ভোরে সংশোধিত খসড়া প্রকাশের পর অনেক দেশ ক্ষোভ প্রকাশ করে।

কারণ, প্রায় ১৩০টি দেশের সমর্থন পাওয়া চিঠিতে যেসব দাবি জানানো হয়েছিল, নতুন খসড়ায় সেগুলো উপেক্ষা করা হয়।

তাতেও জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ ছিল না। বরং কার্বন ধরে রাখার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরই গুরুত্ব দেওয়া হয়েছিল।

এ সময় টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া বলেন, ‘মনে হচ্ছে, আমরা যেন সৌদি আরবের সঙ্গেই আলোচনা করছি।’:

রবিবার সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলোচকেরা প্রকাশ্যেই বলতে শুরু করেন, কোনো রাজনৈতিক ঘোষণা ছাড়াই শেষ হতে পারে সম্মেলন।

একপর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের ফ্লাইট ধরতে আনতালিয়া ছেড়ে যেতে শুরু করেন।

অন্যদিকে, সম্মেলন শেষ করার নির্ধারিত সময়ও দ্রুত ফুরিয়ে আসছিল।

রবিবার ২২ নভেম্বর বিকেলে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হয়।

এ সময় কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, দেশগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি, বিষয়টি তিনি বুঝতে পারছেন।

একই সঙ্গে তিনি জানান, নতুন করে আর কোনো খসড়া প্রকাশ করা হবে না।

কয়েকজন আলোচকের মতে, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এবারের সম্মেলনে নিজেদের প্রভাব বেশি খাটিয়েছে।

বিপরীতে, কার্বন নিঃসরণ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে থাকা দেশগুলোর মতামত তেমন গুরুত্ব পায়নি।

ডেনমার্কের জলবায়ুবিষয়ক মন্ত্রী সামিরা নাওয়া বলেন, ‘যখন চূড়ান্ত নথিতে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখই করা যাচ্ছে না, তখন মনে হচ্ছে এই সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলোর কথাই বেশি গুরুত্ব পাচ্ছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)