আ জা ডেক্স
ঢাকা সাভারের আশুলিয়ার নরসিংহপুরে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছুড়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে তাঁরা সড়ক আটকে আগুন জ্বালিয়ে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
ঘটনার পর নরসিংহপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের প্রভাবে আশপাশের কয়েকটি কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলেও জানা গেছে।