নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ১১ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আমার পরিচিতি বাংলাদেশি। এটা ৭১-এর অর্জন। আমরা তাদের উত্তরসূরি, যারা যুদ্ধ করেছেন।’
মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা কারা করছে—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছে।
এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস।’ ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে’ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠন দুটির নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াতে ইসলামী সব সময় চেষ্টা করেছে।
তিনি বলেন, ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত নির্বাচনে অংশ নিয়েছিল।
২০০৮ সালের নির্বাচন নিয়েও তিনি জামায়াতের সমালোচনা করেন। ভারতের সঙ্গে জামায়াতের কথিত সম্পর্কের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জামায়াত জোরেশোরে বলেছে, তারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে।
ভারতের বিভিন্ন ঘটনাবলি তুলে ধরে তিনি জামায়াতের এমন অবস্থানের সমালোচনা করেন। জামায়াতে ইসলামীর প্রধানের বাসভবনে আয়োজিত একটি চিত্র প্রদর্শনীর প্রসঙ্গও টানেন রিজভী। তিনি বলেন, সেখানে ‘সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা’র কোনো ছবি নেই।
একই সঙ্গে ৭ মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণের ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রিজভীর ভাষায়, ‘এখানেই বোঝা যায়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের দাঁড়িপাল্লা আঁকার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ‘৭১-কে হালকা করে দেখিয়েছে। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের চেতনা আমাদের বুকের মধ্যে ছিল বলেই আমাদের সন্তানরা ২৪-এ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকে খুবই চক্রান্তমূলকভাবে কোনটা বড়, কোনটা ছোট, এটা যাচাই করার চেষ্টা করছেন।
এটাতে কোনো লাভ হবে না। এই জাতি স্বাধীনতা রক্ষা করতে জানে।’