নিজস্ব প্রতিবেদক পাবনা
পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে একটি বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় শরিফুল ইসলাম প্রধান নামে এক যুবদল কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার ০৭ আগস্ট রাতে উপজেলার সীমান্ত বাজার এলাকায় শরিফুলের বাড়িতে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত ০৬ আগস্ট রাতে ওই এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে।
পরে চুরি করা গরু ওই এলাকায় আনা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে শরিফুলের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুলের কাছ থেকে চোরাই গরু চক্রের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।
তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার হওয়া দুটি গরুর মধ্যে একটির মালিকের সন্ধান পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।