নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসেবী, মাদক মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার ১৭ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
এর আগে শুক্রবার সকালে থেকে রাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী হিসেবে ১৬ জন, মাদক মামলায় দুজন, বৈষম্যবিরোধী মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত দুজন রয়েছেন।
অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও তিনি জানান, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।