নিজস্ব প্রতিবেদক সিলেট
সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময় হামলাকারীদের ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে ফেলে যাওয়া অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন উত্তেজিত এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল লোক আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে শুনেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি। পুলিশ খোঁজখবর নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে একদল লোক ধরগাঁও গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী ফেলে যাওয়া অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় দুই বাসিন্দার দাবি, বাড়িতে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিরা বহিরাগত। অন্য এলাকা থেকে তারা সেখানে আগুন দিতে এসেছিলেন।
স্থানীয়রা ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গুলজার আলী বলেন, হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করতে যাওয়া ব্যক্তিদের ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়ার কথা শুনেছেন।
তবে কারা আগুন দিতে গিয়েছিল, তা তাঁর জানা নেই। একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলওয়ার আহমদ বলেন, ওই এলাকায় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়েছেন।
তবে কারা মোটরসাইকেলগুলো নিয়ে এসেছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তিনি জানেন না।
হাবিবুর রহমানের স্বজনেরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। বর্তমানে বাড়িতে তত্ত্বাবধায়ক ও স্বজনেরা থাকেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল লোক বাড়িতে ঢুকে ড্রয়িংরুম ভাঙচুর করে এবং বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে তাদের ধাওয়া করেন।
এ সময় কয়েকটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে সেগুলোতে আগুন দেওয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, একই দিন ভোরে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
এর জের ধরে হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ হয়ে থাকতে পারে।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন বলেন, ভোরে এম এ মালিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
তবে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।