নিজস্ব প্রতিবেদক বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলবদ্ধ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর জেলার মোল্লাহাট উপজেলার মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফওচালিত বিদ্যুৎকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগিয়ে আসেন।
এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ওপর তারা হামলা চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন অংশ নেন।
তাদের আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে মোল্লাহাটের ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রাতের বেলায় বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজনৈতিক বিরোধের জেরে জনজীবন যাতে বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।