নিজস্ব প্রতিবেদক
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ডিবির ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওয়ারী গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যেভাবে গ্রেপ্তার হন ডরিন:
পুলিশ সূত্রে জানা যায়, ডরিন রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন।
বুধবার ২৫ নভেম্বর রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।
ভারতে হত্যার শিকার হন বাবা এমপি আনার:
গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।
২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় বাংলাদেশ ও ভারতে তদন্ত শুরু হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানায়, কলকাতার একটি বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে।
বাবার হত্যার বিচার চেয়ে সরব ছিলেন ডরিন:
বাবার হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতায় একটি মামলা হয়। পাশাপাশি ঢাকার শেরেবাংলা নগর থানায়ও মামলা করেন ডরিন।
বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও হত্যার বিচার চেয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করতে দেখা যায় তাকে।
সেই ডরিনকেই এবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছে ডিবি।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।