ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● আইনশৃঙ্খলা বাহিনীর মতন পোষাক ব্যবহার করে নিজস্ব অভিযান ● বাংলাদেশের পণ্যে ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ● শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী ● দেশে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়িয়েছে...বাণিজ্য মন্ত্রণালয় ● বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে 'খুনির বাড়ি' সাইনবোর্ড ● সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় ● সন্তানদের প্রতিষ্ঠিত করার পরও কেন তারা মানবিক হতে শেখে না..? ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী ● রাজধানী ওয়ারী থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন ● শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শেরে বাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর,২০২৬, ০৩:১৩ পিএম
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার....প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্রামীণ অর্থনীতির প্রাণ। পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়।

তাই মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। প্রাণিজ আমিষ এ ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত।

বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ।

এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি খাতটি ধীরে ধীরে রপ্তানিমুখী হয়ে উঠছে।

বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে।

প্রধানমন্ত্রী এ খাতের সাফল্যের জন্য খামারিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে।

আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একদিকে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও সক্ষম হয়েছে।

এ ধরনের সাফল্য কাজে লাগিয়ে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে হবে।

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।

পোলট্রি শিল্পের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে।

এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যাদের ৪০ শতাংশ নারী।

পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালন করছেন।

দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও রপ্তানিতে এসব খামারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তাই খামারিদের দোরগোড়ায় পশু চিকিৎসা ও রোগ প্রতিরোধের সেবা পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব।

প্রাণিসম্পদ খাতের অন্যতম চ্যালেঞ্জ রোগবালাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে পশু চিকিৎসায় ১৭ ধরনের টিকা উৎপাদিত হচ্ছে।

তবে এ উৎপাদন পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি কৃত্রিম প্রজনন, টিকাদান, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মহিষ পালন সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন বেশি।

এসব অঞ্চলের জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ভিত্তিক বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের সুযোগ রয়েছে।

এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

পোষা প্রাণী ও পাখি পালনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ছে।

এগুলো মানুষের মানসিক প্রশান্তির পাশাপাশি অনেকের আয়ের উৎসও হয়ে উঠেছে।

 

তবে মানুষের অধিকারের পাশাপাশি পশুপাখির অধিকারও নিশ্চিত করতে হবে। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখা এবং স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দেওয়া জরুরি।

তাদের ভয় ও মানসিক যন্ত্রণা দেওয়া থেকেও বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো এ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য জনগণের সামনে তুলে ধরা।

খামারিরাই প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি।

তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন দেশের প্রাণিসম্পদ খাতে অসামান্য অবদানের স্বীকৃতি। এ স্বীকৃতি লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অনুপ্রাণিত করবে।

প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা-শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণী ও প্রাণিজাত পণ্যের প্রবেশাধিকার বাড়াতে খাদ্যনিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)