ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন ● গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের তথ্য ● মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ● গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার হাসানকে গ্রেপ্তার ● গোপালগঞ্জে বিএনপির আরও ছয় নেতার পদত্যাগ ● জামায়াত ইসলাম আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে....অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ● ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ৯৬ বছরের জন্য বিক্রির পরিকল্পনা ফাঁস ● দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ● রাজউক একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান....টিআইবি ● সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মেড ইন বাংলাদেশ এখন বিশ্ব বাজারে

ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর,২০২৬, ০৭:৩১ পিএম
ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে...মাহদী আমিন

বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বজয়ের পেছনে শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, শ্রমিকদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ এখন বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি আরও বলেন, পোশাকশিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকদের জীবন, তাদের পরিবারের সংগ্রাম এবং কারখানার ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।

এ কারণে শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা কেবল অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং এটি আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব।

মাহদী আমিন বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরিকাঠামো নির্ধারণ করা হয়েছে।

বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ভারসাম্যপূর্ণ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মজুরিকাঠামো অনুযায়ী, গ্রেড-১-এ সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা।

অর্থাৎ এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

আগে এই গ্রেডে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। ফলে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।

আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। এতে মজুরি বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।

এ ছাড়া সর্বনিম্ন গ্রেড-৪-এ হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

আগে এই গ্রেডের মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে এই গ্রেডে মজুরি বৃদ্ধির হার ৩৬ শতাংশ।

মাহদী আমিনের মতে, ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে গ্রেড অনুযায়ী ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি শ্রমিকদের আয়, জীবনমান ও আর্থসামাজিক নিরাপত্তার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

নতুন ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকেরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন।

এতে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে এবং মাস শেষে মোট আয় আরও বাড়বে।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং রপ্তানি সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি।

একই সঙ্গে শ্রমিকদের কল্যাণ ও শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক।

দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও আরও বেশি সুযোগ নিশ্চিত করতে হলে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাত গড়ে তুলতে হবে।

শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ এবং রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, এমন একটি তৈরি পোশাকশিল্প গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে শ্রমিকেরা ন্যায্য অধিকার, প্রাপ্য মর্যাদা ও উন্নত জীবনমান পাবেন।

অন্যদিকে উদ্যোক্তারা বিনিয়োগ ও উৎপাদনের ক্ষেত্রে আস্থা অর্জন করবেন, বেকারত্ব না বেড়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

মাহদী আমিনের মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি, মালিকপক্ষের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখাই মূল লক্ষ্য।

শ্রমিকদের মুখে স্বস্তি, কর্মক্ষেত্রে মর্যাদা এবং শিল্পের টেকসই অগ্রগতির মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

নতুন মজুরিকাঠামো নির্ধারণে ভূমিকা রাখার জন্য মজুরি বোর্ড, শ্রমিকপক্ষ ও মালিকপক্ষকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, জনপ্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরিকাঠামো দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ।

একই সঙ্গে শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখতে হবে।

কোনো ধরনের অপপ্রচার, উসকানি কিংবা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে প্রত্যেককে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাহদী আমিনের মতে, শ্রমিক ও মালিকপক্ষের পারস্পরিক আস্থা এবং সম্মিলিত প্রচেষ্টাই তৈরি পোশাকশিল্পকে আরও এগিয়ে নেবে।

একই সঙ্গে আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতেও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)