নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি।
মঙ্গলবার ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশি চালকদের লাইসেন্স ইস্যু বা রূপান্তরের প্রক্রিয়া তিন মাস থেকে কমিয়ে আনার অনুরোধ জানানো হয়।
পাশাপাশি বাংলাদেশি কর্মীদের বর্তমান মেয়াদ শেষে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে যেন দেশে ফিরে আসতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া কূটনৈতিক চ্যানেলে পাঠানো সমঝোতা স্মারক (MoU) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নিতে ফিজি সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। দেশের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন।
ফিজিতেও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশের কর্মীরা ভালো করবেন বলে উল্লেখ করেন তিনি।
ফিজিতে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে মন্ত্রী তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
প্রথমত, ফিজির কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করতে হবে।
এতে আগ্রহী কর্মীদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা সম্ভব হবে।
দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি কর্মীর চাহিদা নির্ধারণ ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত করতে দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বাড়াতে হবে।
তৃতীয়ত, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ এবং তথ্য বিনিময় অব্যাহত রাখতে হবে।
পাশাপাশি পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো কর্মপরিবেশে কাজ করতে পারেন এবং তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছে বাংলাদেশ।
ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার তার নাগরিকদের বিনামূল্যে শিক্ষার সুযোগ দিয়ে থাকে।
ফলে উচ্চশিক্ষা শেষ করে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় দেশটির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
আবহাওয়া ও সংস্কৃতির মিল থাকায় বাংলাদেশি কর্মীদের জন্য ফিজিতে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উত্থাপিত অনুরোধ ও প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কাজ করছেন।
চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী দেশটিতে গেছেন। এ সময় তিনি বাংলাদেশে থাকা ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।