নিজস্ব প্রতিবেদক
অভিন্ন সুরে আযানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন।
তিনি বলেছেন, আযান একটি সুন্দর শিল্প। কিন্তু এর কোনও প্রাতিষ্ঠানিক চর্চা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় যে যেভাবে ইচ্ছা আযান দিয়ে থাকেন।
ফলে আযানের এই শিল্পসৌন্দর্য প্রতিষ্ঠিত হচ্ছে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন বীথিকা বিনতে হোসাইন।
বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ উল্লেখ করে তিনি বলেন, ঢাকাকে মসজিদের শহর বলা হয়।
মানুষের বাসা কিংবা অফিসের পাশের মসজিদ থেকে প্রতিদিন আযানের ধ্বনি শোনা যায়।
আযানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়।
আযানের শব্দ শুনে মানুষের মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও আকর্ষণ তৈরি হওয়া উচিত।
বীথিকা বিনতে হোসাইন বলেন, আযানের কোনও প্রাতিষ্ঠানিক শিল্পচর্চা গড়ে ওঠেনি।
যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। অথচ আযান এত সুন্দর একটি শিল্প, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হচ্ছে না।
এ অবস্থায় আযানদাতা মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা অন্য কোনো মাধ্যমে আযানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ সময় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আপনার প্রশ্ন বুঝলাম না।
মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, আসলে প্রশ্নটা আমার কাছে স্পষ্ট নয়।
তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করবো।