ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজধানীর জাতীয় বৌদ্ধ সম্মেলনে

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে....রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৯:৩৮ পিএম
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে....রাষ্ট্রপতি

দেশের অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে।

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করে দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ সবসময় সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায় করেছে।

অনেক আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ নষ্ট করার যেকোনো অপচেষ্টা দেশের মানুষ প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

কঠিন চীবর দানকে বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

এ সময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করেন এবং সমাজ ও ধর্মের প্রতি তাদের অবদানের কথা তুলে ধরেন।

তাদের কর্ম ও অবদানের মধ্য দিয়ে তারা মানুষের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

গৌতম বুদ্ধের জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে এগিয়ে যেতে হবে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার সব ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা এবং শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, সংবিধান দেশের সব নাগরিককে যে অধিকার দিয়েছে, তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, সবাই এ দেশের নাগরিক। সবার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবার। বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মধ্য দিয়ে তিনি দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেন।

বর্তমানে সেই পবিত্র দেহভস্ম ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট দেওয়া হয়। এ সময় তিনি স্মারকগ্রন্থের উদ্বোধন করেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)