আ জা আন্তর্জাতিক ডেক্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
শনিবার (০৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের সম্পর্ক খুবই ভালো।
তিনি (নেতানিয়াহু) জানেন, বস কে।” চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের পর এটিই হবে তাদের সম্ভাব্য প্রথম মুখোমুখি আলোচনা।
তবে এক ইসরায়েলি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আগামী সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা কম।
তার মতে, বৈঠকটি পরবর্তী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এদিকে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
এ সময় দুই নেতা শিগগিরই ওয়াশিংটনে বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে সম্মত হন।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরান প্রসঙ্গেও কথা বলেন। তিনি দাবি করেন, ইরান আলোচনায় ফিরতে আগ্রহী এবং সাময়িকভাবে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ট্রাম্প আরও বলেন, তিনি আলি খামেনিকে ঘিরে প্রচারিত জানাজার দৃশ্য দেখেছেন এবং সেখানে মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত হয়েছেন।
তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন খামেনির প্রতি জনসমর্থন কম ছিল। তিনি আরও মন্তব্য করেন, “হয়তো ওগুলো কৃত্রিম কান্না।”
উল্লেখ্য, সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিকে নিয়ে যে দাবি ও মন্তব্য করেছেন, সেগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।