নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই অভিযানে জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনকে আটক করা হয়েছে।
সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে রসুলবাগ এলাকা থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া চিটাগাং রোড আদর্শনগর, বটতলা, গোদনাইল, পশ্চিম এনায়েতনগর, বাগমারা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জুয়া আইনে ৮ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৩ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া আইন ও পুলিশ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।