নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, “জীবন দেবো, কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।”
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই ২৪-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন?” তিনি অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ, ছাত্র-যুবসমাজ ও শ্রমজীবী মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত সাফল্য অতীতেও বিভিন্ন সময়ে নষ্ট হয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনও হারিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, “আল্লাহর কসম, জীবন দেবো, কিন্তু ২৪-কে হারিয়ে যেতে দেবো না।”
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “এই জাতি তো জীবন দিতে দিতেই আজকের জায়গায় এসেছে।
শহীদ পরিবারের সদস্যদের কাছে আমাদের কী জবাব আছে?” তিনি বলেন, এখনো অনেক মানুষ গুলিবিদ্ধ ও আহত অবস্থায় কষ্ট নিয়ে জীবনযাপন করছেন এবং অনেকে কর্মক্ষমতা হারিয়েছেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “এই ২৪ না হলে আজ আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না।
এই ২৪ না হলে বিরোধী দল হতে পারতাম না, বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।
এমপি নির্বাচিত হতে পারতাম না, সংসদের মুখও দেখতে পারতাম না।”
আলোচনা সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।