নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের।
তাঁর দাবি, হাদি দেশের মুক্তির জন্য রাজপথে নেমেছিলেন। এ হত্যাকাণ্ডের বিচার চাওয়ার অন্যতম কারণ হলো, এর সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।
শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে এ পদযাত্রার আয়োজন করেছে সংগঠনটি।
এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা এবং কক্সবাজারের জুলাই যোদ্ধারাও অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।
এ সময় ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবিও তুলে ধরা হয়।
দাবিগুলো হলো—শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
পাশাপাশি এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।