নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ
সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার আসামি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফতুল্লায় সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের পোশাক কারখানায় অভিযান চালানো হয়।
তবে সেখানে তাকে পাওয়া যায়নি। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান।
তিনি বলেন, কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, সেলিম ওসমান মাঝে মাঝে গোপনে ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন।
বৃহস্পতিবার ১২ নভেম্বর তিনি সেখানে এসেছেন—এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালান।
তবে কারখানায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এই পুলিশ কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত বেশ কয়েকটি মামলা রয়েছে সেলিম ওসমানের বিরুদ্ধে।
জুলাই হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। তিনি আরও বলেন, সেলিম ওসমানের অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।
এদিকে সেলিম ওসমানের প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বড় হাইয়েস মাইক্রোবাস নিয়ে কারখানার প্রধান ফটকে আসেন।
নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
আনসার সদস্যরা তাদের জানান, প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকেরা ছুটি শেষে চলে গেছেন।
ভেতরে তখন আর কেউ ছিলেন না। এরপর ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে ফিরে যান।